লাইভমক্কা লাইভ
দৈনিক রুদ্রখবর

অর্থনীতি

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

উদ্বোধন করবেন ১ হাজার ৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, থাকছে একাধিক কর্মসূচি

মোঃ হাফিজুল ইসলাম তালুকদারমোঃ হাফিজুল ইসলাম তালুকদারবৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ এ ১২:০২ PM
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক রুদ্র খবর

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর তিনি ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ফেনীতে তাঁর প্রথম সফর।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতে দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের মতো কাজ রয়েছে। এর মাধ্যমে মুহুরী-কহুয়া নদী অববাহিকার বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙন মোকাবিলায় সহায়তা পাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী পরে ফুলগাজীতে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। একই সফরে সরকারি ভবনের ছাদে স্থাপিত রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হবে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরগুলোতে স্থাপিত মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা এ কর্মসূচির আওতায় রয়েছে।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে।

সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরের বিভিন্ন অনুষ্ঠানস্থলকে নিরাপত্তার স্বার্থে পৃথক জোনে ভাগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দীর্ঘদিনের বন্যা, নদীভাঙন ও জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধানের পাশাপাশি যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

একটি মন্তব্য লিখুন