চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র, বিনিয়োগ ও শ্রম অধিকার নিয়ে আলোচনা

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র, বিনিয়োগ ও শ্রম অধিকার নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রুদ্র খবর
ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সংসদীয় গণতান্ত্রিক চর্চা, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, শ্রমিকদের অধিকার এবং সংবিধান সংশোধন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক চর্চা ফিরে এসেছে। সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিরোধী দলকেও সংশ্লিষ্ট কমিটিতে অংশগ্রহণের জন্য একাধিকবার আহ্বান জানানো হয়েছে। তাদের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত রয়েছে। বিরোধী দল রাজপথের আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও মতামত তুলে ধরতে পারে। সংসদীয় আলোচনার মাধ্যমেই মতপার্থক্য নিরসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব।
বৈঠকে বাংলাদেশ-ইইউ সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়টিও গুরুত্ব পায়। এর মাধ্যমে দুই পক্ষের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদীয় বাজেট ব্যবস্থাপনা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে শ্রম আইন সংশোধন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, ট্রেড ইউনিয়নের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন চিফ হুইপ।
বৈঠকে গণতান্ত্রিক ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা সুদৃঢ় করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।
অন্যদিকে, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদের ভূমিকার প্রশংসা করেন। বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।