লাইভমক্কা লাইভ
দৈনিক রুদ্রখবর

লাইফস্টাইল

নারায়ণগঞ্জে ‘সিংগাম’ আতঙ্ক—২৫ দিনে দেড় হাজারের বেশি গ্রেপ্তার

এসপি হাবিবুর রহমানের নেতৃত্বে মাদক, জুয়া, অস্ত্র ও অপরাধবিরোধী অভিযান জোরদার

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫৪ PM
নারায়ণগঞ্জে ‘সিংগাম’ আতঙ্ক—২৫ দিনে দেড় হাজারের বেশি গ্রেপ্তার

দৈনিক রুদ্র খবরঃ

নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান জোরদার হয়েছে। গত ৩ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় হাজারের বেশি বিভিন্ন মামলার আসামি ও অপরাধীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মাদক, কিশোর গ্যাং, জুয়া, ছিনতাই ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জেলার সাত থানায় নিয়মিত বিশেষ অভিযান চলছে।

সম্প্রতি চাষাঢ়ার খাজা সুপার মার্কেটে পুলিশ সুপারের নেতৃত্বে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার ও ৭৭ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, বন্দর থানার ঢাকেশ্বরী বাজারের সোনাচরা এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তাদের কাছ থেকে নগদ টাকা, ১২ ভরি রূপা, স্বর্ণের নাকফুল, ছুরি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

এ ছাড়া রূপগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার এবং ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে ইয়াবা, হেরোইন ও মদ উদ্ধারের অভিযান চালানো হয়েছে। চাষাঢ়ায় শুভ চন্দ্র দাস হত্যাকাণ্ডের তদন্তেও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের কেউ কেউ পুলিশ সুপার হাবিবুর রহমানকে ‘নারায়ণগঞ্জের সিংগাম’ বলে অভিহিত করছেন। মাদকবিরোধী অভিযানের কারণে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেও স্থানীয়দের অনেকে মন্তব্য করেছেন।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ কাজ করছে। অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

একটি মন্তব্য লিখুন